আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রাচীন ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সাবেক সংগঠক মাওলানা মুহাম্মদ তাহের মাযাহিরী ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮১ বছর বয়সে বুধবার (২৬ নভেম্বর) নিজ পৈতৃক নিবাস শাহজাদপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাওলানা তাহের মাযাহিরী ১৯৭৬ সাল থেকে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ প্রায় ৪৫ বছর সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০২০ সালে অবসর গ্রহণ করেন।
সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা মাওলানা তাহের মাযাহিরী বিশেষত হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে দীনি শিক্ষার প্রসারে ভূমিকা রেখেছেন। মাওলানা জহির আলম কাসেমির সঙ্গে তিনি ওই দুই রাজ্যে শত শত মক্তব প্রতিষ্ঠা ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানি, মহাসচিব মাওলানা হাকিমুদ্দিন কাসেমিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
মাওলানা মুহাম্মদ আকিলের নেতৃত্বে জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধিদল তার জানাজায় অংশ নেয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানায়।
সূত্র: মিল্লাত টাইমস উর্দু
আইও/