আন্তর্জাতিক ডেস্ক
মাওলানা মুহাম্মদ সাদের ভ্রান্ত মতাদর্শ ও তার অনুসারীদের কর্মকৌশল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা আলেমদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দারুল উলুম দেওবন্দের বিশিষ্ট মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ মারুফি। তিনি বলেছেন, এ বিষয়ে মানুষকে সতর্ক করা তাবলিগের কাজের বিরোধিতা নয়; বরং ভুল মতাদর্শের প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করাই এর উদ্দেশ্য।
বুধবার (২৬ নভেম্বর) দেওবন্দে দেওয়া এক বক্তব্যে মুফতি আবদুল্লাহ মারুফি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলেমদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মাওলানা সাদের কথিত ভ্রান্তি সাধারণ মানুষের সামনে স্পষ্ট করা। পাশাপাশি তার সঙ্গে সংশ্লিষ্ট পৃথক গোষ্ঠীর চিন্তাধারা ও কর্মকৌশল সম্পর্কেও মানুষকে অবহিত করতে হবে। যাতে কেউ ভুল মতাদর্শের প্রভাবে পড়ে বিভ্রান্ত না হন, সে জন্য আলেমদের সঠিক দিকনির্দেশনা দেওয়া জরুরি।
তিনি স্পষ্ট করে বলেন, এটি তাবলিগের কাজের বিরোধিতা নয়। বরং মাওলানা সাদের বক্তব্যে যেসব ভ্রান্তি রয়েছে বলে আলেমরা মনে করেন, সেগুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এর লক্ষ্য।
এ সময় দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানির সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন মুফতি আবদুল্লাহ মারুফি। তিনি বলেন, তাবলিগে সময় দেওয়া নিয়ে দরসের মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি নোমানি যে নসিহত করেছিলেন, তার উদ্দেশ্য ছিল কেবল শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা। কিন্তু কিছু মানুষ তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে বিষয়টিকে অনেক দূর নিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো, কিছু কাসেমি আলেমও মুফতি নোমানির বিরুদ্ধে কথা বলছেন। অথচ আলেম হয়ে যাওয়ার পরও মানুষের শেখার এবং বুজুর্গদের দিকনির্দেশনা নেওয়ার প্রয়োজন থাকে। তাই বড়দের কথা বুঝতে চেষ্টা করা, তাদের সম্মান করা এবং তাদের ইলম ও অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়া উচিত। সূত্র: উলামা ই দেওবন্দ ফেসবুক পেইজ
এসএইচ/