আওয়ার ইসলাম ডেস্ক
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে দায়িত্বশীল ও সুধীজনদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) ইংল্যান্ডের পিটারবরোর জনপ্রিয় কান্ট্রি পার্ক ‘ফেরি মেডোজ’ এবং কেমব্রিজের পরিবেশবান্ধব ‘কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ’ পরিদর্শনের মধ্য দিয়ে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
সফরের আনুষ্ঠানিক সূচনা হয় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ প্রাঙ্গণে সকাল ১০টায়। সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শাখার সহসভাপতি হাফেজ মাওলানা লিয়াকত হোসাইন। শুরুতে দারসে কুরআন পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া।
শিক্ষা সফরের প্রথম পর্বে অংশগ্রহণকারীরা পিটারবরোর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ফেরি মেডোজের সবুজ তৃণভূমি, বনভূমি ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরে সফরের দ্বিতীয় পর্বে কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ পরিদর্শন করা হয়। সেখানে সূর্যগ্রহণ উপলক্ষে অংশগ্রহণকারীরা সালাতুল কুসূফ আদায় করেন।
সফর চলাকালে সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান এবং যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।
তারা সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের দায়িত্ববোধ বাড়ানো এবং কর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষা সফরের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সংগঠনের নেতৃবৃন্দ পুরস্কার তুলে দেন। এ ছাড়া সফরজুড়ে কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সমাপনী পর্বে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা নাজিম উদ্দীন, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লন্ডন মহানগর শাখার সহসভাপতি মুহিউদ্দীন খান, সহসাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুহাইমিন সুন্নাহ, সহসাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহবাবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মুহাম্মদ শাহজাহান সিরাজ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, মাওলানা জাবির আহমদ, মাওলানা মামুনুর রশীদ ও মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচিতে কুরআন তিলাওয়াত, দারসে কুরআন, নাশিদ, পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক আলোচনা, ইহতেসাব, প্রশ্নোত্তর, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন আয়োজন ছিল।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে দাওয়াতি কাঠামোকে আরও সুসংগঠিত করা, কর্মীদের মধ্যে আদর্শিক চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করা এবং পারস্পরিক যোগাযোগ, সংযোগ ও দায়বদ্ধতা আরও দৃঢ় করা সম্ভব। এসব লক্ষ্য সামনে রেখেই লন্ডন মহানগর শাখার উদ্যোগে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
আরএইচ/