মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৯ জিলহজ ১৪৪৭


মক্কায় হজের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট মক্কায় ‘মডেল লাইভস্টক সিটি’ প্রকল্প চালু করেছে। হজ মৌসুমে কোরবানির পশুর দেহাবশেষ ও জৈব বর্জ্য আধুনিক রেন্ডারিং প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করার জন্য এটিই প্রথম মডেল স্লটারহাউস।

প্রকল্পটির লক্ষ্য হলো শতভাগ বর্জ্য ল্যান্ডফিলে না ফেলে পুনর্ব্যবহারযোগ্য করা। এজন্য এখানে একটি সমন্বিত সিস্টেম চালু করা হয়েছে, যেখানে রক্ত, চর্বি ও ভুঁড়ি প্রক্রিয়াজাতকরণ, হাড় গুঁড়ো করা এবং স্বয়ংক্রিয় দুর্গন্ধ নিয়ন্ত্রণের বিশেষ ইউনিট রয়েছে। এই স্থাপনার বার্ষিক সক্ষমতা প্রায় ২,৫০০ টন কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াজাত করা।

‘ওক্লিন’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বেসরকারি খাতের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে এখানে পশু জবাইয়ের পর প্রাপ্ত বর্জ্যের প্রায় ৪৫ শতাংশকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জৈব সার, প্রোটিন পাউডার এবং পশুখাদ্য উপাদান—যা একটি টেকসই সার্কুলার অর্থনীতির মডেল হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ঈদুল আজহার সময় পশু কোরবানির জন্য শুধু অনুমোদিত স্লটারহাউস ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, পরিবেশ রক্ষা পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

মন্ত্রণালয় আরও জানায়, দেশজুড়ে নির্ধারিত এসব স্থাপনায় আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ভেটেরিনারি টিম কাজ করছে, যা মাংসের গুণগত মান নিশ্চিত করা এবং পশুবাহিত রোগ প্রতিরোধে সহায়তা করছে।

সব অনুমোদিত স্লটারহাউস স্থানীয় ও আন্তর্জাতিক ভেটেরিনারি মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে এবং নিয়মিত নিয়ন্ত্রক তদারকির আওতায় রয়েছে, যা পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত সেবা নিশ্চিত করছে।

এর আগে মন্ত্রণালয় জানায়, হজ মৌসুমে কোরবানির পশুর চাহিদা মেটাতে দেশটির পশুসম্পদ খাতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

জাতীয় পর্যায়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে বর্তমানে ২ কোটি ২০ লাখের বেশি ভেড়া, ৭৬ লাখ ছাগল, ২২ লাখ উট এবং ৫ লাখ ১০ হাজার গরুর মজুদ রয়েছে। এই খাত খাদ্য নিরাপত্তা, স্বয়ংসম্পূর্ণতা এবং পশুর রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।

মন্ত্রণালয় আরও জানায়, মক্কার বাজার ও স্লটারহাউসগুলো পর্যাপ্ত উচ্চমানের পশু সরবরাহসহ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাশাপাশি কঠোর পরিদর্শন ও স্বাস্থ্য পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে, যাতে হজযাত্রীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা যায়। সূত্র: আরব নিউজ

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ