রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ও তাঁর ছেলে মাওলানা আসআদ মাহমুদের সরকারি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে দলীয় প্রধানের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সচিব মুফতি আবরারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দলটির সিনেটর কামরান মুর্তজা অভিযোগ করেছেন, মাওলানা ফজলুর রহমানের বাসভবনের সামনে পুলিশি তল্লাশিচৌকি বসানো হয়েছে এবং বাড়িটি ঘিরে ফেলা হয়েছে। তাঁর দাবি, মাওলানা ফজলুর রহমান ও আসআদ মাহমুদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের (এফসি) সদস্যদেরও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কামরান মুর্তজা বলেন, দলের কর্মীদের পরিকল্পিতভাবে উসকে দেওয়ার চেষ্টা চলছে। তিনি সরকারকে আইনের সীমার মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে।

এদিকে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত মাওলানা ফজলুর রহমানের ব্যক্তিগত সচিব মুফতি আবরারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বৃহস্পতিবার পুলিশ ইসলামাবাদের আই-৯ সেক্টরে অবস্থিত ফারুক-এ-আজম মসজিদে গিয়ে তাঁর কাছে আদালতের পরোয়ানা পৌঁছে দেয়।

গত ৭ নভেম্বর ইসলামাবাদে কথিত অবৈধ সমাবেশ ও সড়ক অবরোধের ঘটনায় দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই সমাবেশে অংশগ্রহণকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করেন এবং সরকারি যানবাহন ভাঙচুর করেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি।

নিরাপত্তা প্রত্যাহার ও পুলিশের বিভিন্ন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর নেতৃত্ব। দলের পক্ষ থেকে কর্মী ও আইনজীবীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ