আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মসজিদুল হারামে শিশুদের নিয়ে আসা অভিভাবকদের চলাচল সহজ করতে বেবি স্ট্রলার (শিশু বহনের চাকা সংযুক্ত বাহন) প্রবেশের জন্য নির্দিষ্ট কয়েকটি প্রবেশপথ ও চলাচলের স্তর নির্ধারণ করা হয়েছে। এর আওতায় পাঁচটি প্রবেশপথ দিয়ে স্ট্রলার নিয়ে প্রবেশ করা যাবে। পাশাপাশি মসজিদুল হারামের তিনটি নির্ধারিত স্তরে স্ট্রলার ব্যবহারের অনুমতি থাকবে।
নির্ধারিত প্রবেশপথগুলো হলো—আজিয়াদ ব্রিজ, কিং ফাহদ লিফট, আল-আরকাম লিফট, আল-আরকাম ব্রিজ প্রবেশপথ এবং তৃতীয় সৌদি সম্প্রসারণের সব প্রবেশপথ।
অন্যদিকে, স্ট্রলার ব্যবহারের অনুমোদিত স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে মসজিদুল হারামের প্রথম তলা, ছাদ এবং তৃতীয় সৌদি সম্প্রসারণ এলাকা।
মক্কায় ওমরাহ ও হজ পালন করতে আসা মুসল্লিদের মধ্যে শিশুদের নিয়ে আসা পরিবারের সংখ্যা উল্লেখযোগ্য। বিশেষ করে ভিড়ের সময় শিশুদের বহন, চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করা অভিভাবকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ কারণে মসজিদুল হারামে প্রবেশ ও চলাচলের পথ নির্দিষ্ট করে দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মসজিদুল হারামে ভিড় নিয়ন্ত্রণ এবং মুসল্লিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন প্রবেশপথ, সেতু, লিফট ও চলাচলের পথ নির্ধারণ করে থাকে। বিশেষ করে ব্যস্ত সময়ে পদচারী ও চাকা সংযুক্ত বাহনের চলাচল আলাদা ও সুশৃঙ্খল রাখা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
এ ছাড়া শিশুদের স্ট্রলার নিয়ে কাবা শরিফের তাওয়াফের মূল চত্বরের নিচতলায় প্রবেশের ওপর আগে থেকেই বিধিনিষেধ রয়েছে। ২০২৪ সালে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, অতিরিক্ত ভিড় থাকলে তাওয়াফ ও সাঈয়ের নির্ধারিত এলাকাতেও স্ট্রলার প্রবেশ সীমিত করা হতে পারে।
নতুন এই ব্যবস্থায় শিশুদের নিয়ে আসা পরিবারগুলো নির্ধারিত প্রবেশপথ ও স্তর অনুসরণ করে চলাচল করতে পারবেন। এতে অভিভাবকদের ভোগান্তি কমার পাশাপাশি মসজিদুল হারামের ভেতরে চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/