শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত ২৪ ঘণ্টায় চালানো ৪৭৪টি অভিযানে ১ হাজার ৫৪০ হুথি সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করছে সেনাবাহিনী। এ সময় ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইয়ামেন সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি বলেন, এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করে হুথিদের অবস্থান, গতিবিধি, রসদ ও সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরো জানান, দক্ষিণ হারাধ ও উপকূলীয় এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বাইদা, লাহিজ, সানা ও সাদা পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে এসব অভিযান চালানো হয়। তবে তাইজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি বলেন, সেনাবাহিনী যেসব এলাকাকে হুমকির উৎস হিসেবে চিহ্নিত করেছে, সেসব স্থান, হুথিদের সমাবেশ, রসদ ও সামরিক সহায়তা, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং অন্যান্য সামরিক সক্ষমতা অভিযানের লক্ষ্য ছিল।

ইয়ামেন সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, অভিযানে ১ হাজার ৫৪০ হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন, যাদের বেশিরভাগই তাইজের বিভিন্ন ফ্রন্টে। এ ছাড়া ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

আল-নাজিলি আরও দাবি করেন, এসব অভিযানের ফলে তাইজে হুথিদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে এবং স্থলভাগে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি গোষ্ঠীটি।

এর আগে শুক্রবার সেনাবাহিনী জানিয়েছিল, তাইজে হুথিদের গতিবিধি ও রসদ সরবরাহের ওপর যুদ্ধবিমান দিয়ে ২০টি হামলা চালানো হয়েছে।

বুধবার ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছিল, তিনটি ফ্রন্টে হুথি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ৪৬৮টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে শত শত হুথি হতাহত হয়েছে বলেও দাবি করেছিল তারা।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। 

সূত্র: আনাদোলু এজেন্সি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ