রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


বাবুনগরে হেফাজতের সঙ্গে ৭ দলের বৈঠকে যে সিদ্ধান্ত হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কওমি ধারার সাত ইসলামি দলের রাজনৈতিক ঐক্য নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে অনুষ্ঠিত বৈঠকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঐক্যের খসড়া নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বিষয়টি আরও পর্যালোচনার জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে এই কমিটি ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি সাতটি ইসলামি দলের পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে সাত দলের পক্ষ থেকে দেওয়া পৃথক প্রস্তাবগুলোর খসড়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এসব প্রস্তাবে বিভিন্ন বিষয়ে পরস্পরবিরোধী মত থাকায় দীর্ঘ আলোচনা হলেও বৈঠক থেকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

তবে সাত দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি জানান, কমিটিতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতা এবং সাত দলের প্রত্যেকটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগারী সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানান মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এর আগে গত ১৬ জুলাই বাবুনগর মাদরাসায় সাত ইসলামি দলের নেতাদের নিয়ে ঐক্যপ্রক্রিয়ার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পরে দলগুলোকে নিজেদের প্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়া হয়। সেসব প্রস্তাব সমন্বয় করে একটি খসড়া কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ