সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮


কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া নভোচারী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের প্রথম মহাকাশচারী ও ইতিহাসের চতুর্থ মুসলিম নভোচারী আবদুল আহাদ মোমান্দ আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২১ জুন জার্মানিতে ৬৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন।

মোমান্দ ১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশ কর্মসূচির আওতায় মহাকাশে যাত্রা করেন। ওই ঐতিহাসিক অভিযানে তিনি একটি পবিত্র কোরআন সঙ্গে নিয়েছিলেন এবং মহাকাশে অবস্থানকালে তা তেলাওয়াত করেন। তার এই ঘটনা মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে স্মরণীয় হয়ে আছে।

আবদুল আহাদ মোমান্দ ছিলেন মহাকাশে যাওয়া প্রথম আফগান নাগরিক এবং বিশ্বের চতুর্থ মুসলিম নভোচারী। তিনি সোভিয়েতের মির মহাকাশ স্টেশনে প্রায় নয় দিন অবস্থান করেন এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নেন।

আফগানিস্তানের গজনি প্রদেশে জন্ম নেওয়া মোমান্দ দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে জার্মানিতে বসবাস শুরু করেন। এর আগে তিনি মস্কোর খ্যাতনামা ইউরি গ্যাগারিন বিমানবাহিনী একাডেমিতে প্রশিক্ষণ নেন। প্রায় ৪০০ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত আটজনের একজন ছিলেন তিনি।

২০১৩ সালে তার ঐতিহাসিক মহাকাশযাত্রার ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি আফগানিস্তরে ফিরে যান। সে সময় দেশটির সরকার তাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেয়।

এক সাক্ষাৎকারে মোমান্দ বলেছিলেন, মহাকাশ অভিযানের জন্য তাদের প্রস্তুতির সময় ছিল মাত্র ছয় মাস, যেখানে সাধারণত এমন অভিযানের জন্য দেড় থেকে দুই বছর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। তবুও সফলভাবে মিশন সম্পন্ন করতে পারায় তিনি এটিকে জীবনের অন্যতম বড় অর্জন বলে উল্লেখ করেছিলেন।

তার মৃত্যুতে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আবদুল আহাদ মোমান্দ আফগানিস্তানের জন্য এক অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারকে ধৈর্য দান করেন।

সূত্র: বিবিসি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ