সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮


ভারতের সীমান্ত আচরণ নিয়ে উদ্বেগ, সংসদে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের সাম্প্রতিক সীমান্ত আচরণ, কথিত "পুশইন" প্রচেষ্টা, নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। তিনি এসব বিষয়ে জাতীয় সংসদে বিশেষ আলোচনা, কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে প্রায় প্রতিদিনই বাংলাদেশে লোক ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের বিরুদ্ধে "উৎপাত ও উপদ্রব" আখ্যা দিয়ে তিনি তা প্রতিহত করতে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করেন।

মাওলানা ইউসুফী বলেন, দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিকত্বধারীদের আইন অনুযায়ী শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ভারতের বিভিন্ন স্থানে মসজিদ, মাদরাসা ও মুসলমানদের ওপর হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ এবং নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জমিয়তের এই নেতা বলেন, ভারতের সাম্প্রতিক সীমান্ত আচরণ এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইস্যুতে জাতীয় সংসদে বিশেষ আলোচনা হওয়া উচিত। পাশাপাশি সংসদে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে তা ভারতীয় হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন এবং বিষয়গুলো আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে তিনি জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ