আন্তর্জাতিক ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ভিজ্যুয়াল উপস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ জুন মহররম উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান ‘সফর-ই-ইশক’-এ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে মহানবী (সা.)-এর ভিজ্যুয়াল উপস্থাপনা দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর দেশজুড়ে ধর্মীয় মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিভিন্ন ধর্মীয় সংগঠন ও আলেমরা এ ঘটনাকে রাসুল (সা.)-এর অবমাননার অভিযোগ হিসেবে উল্লেখ করে জিও নিউজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের এবং সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে জিও নিউজ এক বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, বিতর্কিত বিষয়বস্তুটি অনিচ্ছাকৃত সম্পাদকীয় ত্রুটির কারণে সম্প্রচারিত হয়েছে। এর মাধ্যমে কোনো ধর্মীয় বিশ্বাস বা পবিত্র ব্যক্তিত্বকে অসম্মান বা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য ছিল না। একই সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার কথাও জানায় প্রতিষ্ঠানটি।
তবে পেমরার লিখিত আদেশে ‘রাসুল (সা.)-এর অবমাননা’ শব্দবন্ধ ব্যবহার করা হয়নি। সেখানে সম্প্রচার নীতিমালা লঙ্ঘন এবং জনমনে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কাকে লাইসেন্স স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ধর্মীয় মহল বিষয়টিকে রাসুল (সা.)-এর অবমাননার ঘটনা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে।
সূত্র: ইউএনএ নিউজ
আইও/