ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতির মোট আমদানি করা চালের সিংহভাগ রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, এই চালে অতিরিক্ত মাত্রায় আর্সেনিক, ক্যাডমিয়ামসহ নানান ভারী ধাতু রয়েছে। আর এসব উপাদান ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। খবর রয়টার্সের।
ওই গবেষণায় দেখা যায়, হাইতির উৎপাদিত চালের তুলনায় আমদানি করা চালে গড় আর্সেনিক এবং ক্যাডমিয়ামের ঘনত্ব প্রায় দ্বিগুণ বেশি। কিছু আমদানি করা চালে এসব উপাদানের উপস্থিতি আন্তর্জাতিক সীমা অতিক্রম করেছে।
প্রায় সব আমদানি করা চালের এসব উপাদান শিশুদের জন্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সুপারিশকৃত মাত্রাকেও ছাড়িয়ে গেছে। গবেষণায় অন্যান্য আমদানিকারক দেশে বিষাক্ত পদার্থের মাত্রা মূল্যায়ন করা হয়নি।
