নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব, বিশিষ্ট আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ছিল বহুমাত্রিক দ্বীনি খেদমতে সমৃদ্ধ। ইলম চর্চা, রাজনীতি, তাসাউফ ও ইসলামী ঐক্য প্রতিষ্ঠাসহ দ্বীনের বিভিন্ন শাখায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন সর্বশ্রেণির আলেমের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর দ্বীনি অবদানের স্মৃতিচারণ করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘আল্লামা ফয়েজীর খেদমত ছিল দ্বীনের সব শাখায় বিস্তৃত। আব্বাজান মরহুম শায়েখ (রহ.)-এর বিভিন্ন মিশনের সফলতার পেছনে আল্লামা ফয়েজীর অক্লান্ত পরিশ্রম রয়েছে। তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন যুগেরও বেশি সময়। এ ছাড়া তিনি চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম ছিলেন।’
তিনি আরও বলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.) আমৃত্যু জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সর্বশ্রেণির আলেমের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। রাজনীতির কঠিন সময়েও তিনি সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন না। তাঁর জীবন ও কর্ম থেকে অনেক কিছু শেখার রয়েছে।
আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন আল্লামা ফয়েজীর খলিফা ও সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুস সাত্তার হামিদী, মুফতি আবু ইউসুফ আল মাদানী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আবদুর রাজ্জাক, হাফেজ মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আলী আহমদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শামসুদদোহা তালুকদার, মাওলানা আমির হোসাইন, মুফতি কাউসার বাঙালি, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা আনছার আহমদ, মুফতি নুরুল্লাহ আশরাফী, মুফতি বরকতুল্লাহ কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ ফাহাদ, মাওলানা আলাউদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিরা।
আইও/