নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত ইমাম খতীব পরিষদ বাংলাদেশ-এর সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ মাওলানা ক্বারি হাবিবুল্লাহ মাক্কীকে আহ্বায়ক, মাওলানা আরিফ রব্বানীকে যুগ্ম-আহ্বায়ক ও হাফেজ মাওলানা এনাম উদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় মক্কাতুল মোকাররমার রুসাইফায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই কমিটি গঠন করা হয়।
সভায় হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি এবিএম শরীফ উল্লাহ, শায়েখ ইলিয়াস লাহরীসহ মক্কা নগরীর বিভিন্ন প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরাম ও ব্যবসায়ীগণ।
সম্মিলিত ইমাম খতীব পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব মুফতি এবিএম শরীফ উল্লাহ সাহেব তাঁর বক্তব্যে বলেন, সম্মিলিত ইমাম খতীব পরিষদ বাংলাদেশ দেশের ইমাম-খতীব, উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান-আকিদা, ইসলামী তাহজিব-তামাদ্দুন ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি উলামায়ে কেরামের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দ্বীনি স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিত ভূমিকা রাখার জন্য সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। তিনি সৌদি আরব শাখার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরাম ও ইমাম-খতীবদের ঐক্যবদ্ধ করে এই কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।
আইও/