বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮


মসজিদে নববিতে স্বেচ্ছাসেবক হওয়ার সুবর্ণ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মদিনার মসজিদে নববিতে মুসল্লি ও দর্শনার্থীদের সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজের চারটি সুযোগ ঘোষণা করেছে সৌদি আরবের জাতীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম (এনভিজি)। চলতি বছরের ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মেয়াদে এসব কার্যক্রম পরিচালিত হবে।

ঘোষিত সুযোগগুলোর মধ্যে রয়েছে দর্শনার্থীদের পথনির্দেশনা, ভিড় নিয়ন্ত্রণ, সুগন্ধি বিতরণে সহযোগিতা এবং জুমার নামাজের সময় মুসল্লিদের ব্যবস্থাপনা।

প্রথম সুযোগটি হলো স্থাননির্দেশনা ও ভিড় ব্যবস্থাপনা। এ কার্যক্রম ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

দ্বিতীয় সুযোগটি মসজিদে নববিতে সুগন্ধি ব্যবহারে সহযোগিতা। এ কার্যক্রমের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। একই সেবার জন্য বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আরেকটি পৃথক স্বেচ্ছাসেবী কার্যক্রমও রাখা হয়েছে। উভয় কার্যক্রমের মেয়াদ ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর।

চতুর্থ সুযোগটি জুমার নামাজের ব্যবস্থাপনা ও স্থাননির্দেশনা কার্যক্রমে অংশগ্রহণ। ১৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। নির্ধারিত তারিখগুলো হলো ১৩, ২০ ও ২৭ নভেম্বর এবং ৪ ডিসেম্বর। এ কার্যক্রমে অংশ নিতে ব্যক্তিগত সাক্ষাৎকারে উত্তীর্ণ হতে হবে।

প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য অনুযায়ী, চারটি কার্যক্রমেই ১৫ থেকে ৯০ বছর বয়সী পুরুষরা আবেদন করতে পারবেন। তবে প্রতিটি বিজ্ঞপ্তিতে কেবল সৌদি নাগরিকদের জন্য আবেদনের শর্ত উল্লেখ করা হয়নি। জাতীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের সরকারি সেবা-সংক্রান্ত তথ্যে নাগরিক, দেশটিতে বসবাসকারী এবং দর্শনার্থীদেরও লক্ষ্যভুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে সৌদি আরবের বাইরে থেকে আসা কিংবা প্রবাসী আবেদনকারীদের ক্ষেত্রে নিবন্ধন ও আবেদনের সুযোগ এবং সংশ্লিষ্ট শর্তগুলো আগে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আগ্রহীরা ‘দ্য ইসলামিক ইনফরমেশন’ ওয়েবসাইটে প্রবেশ করে ‘জবস’ বিভাগ থেকে ‘মসজিদে নববি’ নির্বাচন করতে পারবেন। এরপর পছন্দের স্বেচ্ছাসেবী কার্যক্রম বেছে নিয়ে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদন করা যাবে।

মসজিদে নববিতে মুসল্লি ও দর্শনার্থীদের সেবা করার পাশাপাশি পবিত্র এই মসজিদে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেওয়ার সুযোগ তৈরি করবে এসব কার্যক্রম।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ