নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সরকার তা অমান্য করে জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে। রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা দায়িত্বশীলদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরগুনা জেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত, পরিকল্পিত ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীলদের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, গণভোটে জনগণ যে জনরায় দিয়েছে, সরকার তা উপেক্ষা করে জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে। জনগণের প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি এবং জনদুর্ভোগে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের ন্যায্য অধিকার, ইসলামী মূল্যবোধ এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।
সভায় জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, উপদেষ্টা ও বরগুনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গোলাম মাওলা জাহিদ, সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা ইউসুফ, মাওলানা জামাল উদ্দিন মাহমুদীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বর্তমানে তিন দিনের সাংগঠনিক সফরে বরিশাল বিভাগে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি বিভাগের বিভিন্ন জেলায় দায়িত্বশীল সভা, কর্মী সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
আইও/