আওয়ার ইসলাম ডেস্ক
বিজ্ঞানের ব্যাপক প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। তবে মানুষের জীবনের প্রকৃত নিয়ন্ত্রক কে—এ প্রশ্নে একজন মুসলিমের বিশ্বাস হতে হবে সুস্পষ্ট। বর্তমান পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব সর্বত্র। ঘুম থেকে ওঠা, যাতায়াত, যোগাযোগ, চিকিৎসা, রান্নাবান্না—প্রায় প্রতিটি কাজেই বিজ্ঞানের অবদান রয়েছে। মানুষের জীবনযাত্রা অনেকাংশে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।
কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানই কি মানুষের প্রাত্যহিক জীবনের নিয়ন্ত্রক? বাক্যটি শুনতে সাধারণ মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ ও ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা জরুরি। বিশেষত ইসলামী আকীদার আলোকে এর যথার্থতা বোঝা প্রয়োজন।
মানুষের প্রকৃত নিয়ন্ত্রক কে?
ইসলামের মৌলিক আকিদা হলো, সৃষ্টি, পরিচালনা ও নিয়ন্ত্রণের চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। মানুষের জীবন, মৃত্যু, রিজিক ও ভাগ্য তাঁরই ইচ্ছা ও সিদ্ধান্তের অধীন। বিজ্ঞান কোনো স্বতন্ত্র ক্ষমতার অধিকারী নয়। বরং এটি আল্লাহ তাআলার সৃষ্টি করা জগতের নিয়ম ও বৈশিষ্ট্য আবিষ্কার এবং সেগুলোকে কাজে লাগানোর একটি প্রক্রিয়া।
আল্লাহ তাআলা করেন,
اَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ
‘জেনে রেখো, সৃষ্টি ও আদেশ তাঁরই। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ কতই না বরকতময়।’ (সূরা আল-আ‘রাফ, আয়াত: ৫৪)
সৃষ্টি ও পরিচালনার প্রকৃত কর্তৃত্ব আল্লাহ তাআলার। কোনো সৃষ্টি বা আবিষ্কার তাঁর ক্ষমতার বিকল্প হতে পারে না।
অতএব, কেউ যদি বিশ্বাস করে বিজ্ঞান নিজস্ব ক্ষমতায় মানুষের জীবন পরিচালনা করে কিংবা মানুষের ভাগ্য নির্ধারণ করে, তাহলে তা ইসলামের মৌলিক আকীদার সঙ্গে সাংঘর্ষিক হবে। তবে কোনো বাক্যের অর্থ ও উদ্দেশ্য না বুঝে সরাসরি কাউকে শিরক বা কুফরির অভিযোগে অভিযুক্ত করাও সমীচীন নয়। এ ক্ষেত্রে বক্তব্যের উদ্দেশ্য, বিশ্বাস ও প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি।
রূপক অর্থে কথাটি কি বলা যায়?
কোনো রচনা, আলোচনা কিংবা সাধারণ কথাবার্তায় বিজ্ঞানের ব্যাপক প্রভাব বোঝাতে ‘বিজ্ঞান মানুষের প্রাত্যহিক জীবনের নিয়ন্ত্রক’ বলা হতে পারে। এখানে যদি উদ্দেশ্য হয় মানুষের জীবনযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তির আধিপত্য তুলে ধরা, তাহলে কথাটি রূপক অর্থে বিবেচনা করা যেতে পারে।
কারণ, আমাদের দৈনন্দিন জীবন এখন প্রযুক্তির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। অ্যালার্মের মাধ্যমে ঘুম থেকে ওঠা, যানবাহনে যাতায়াত, মোবাইল ফোনে যোগাযোগ, বৈদ্যুতিক যন্ত্রে রান্না কিংবা আধুনিক চিকিৎসা গ্রহণ—সব ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান রয়েছে।
তবে বাহ্যিক উপায়-উপকরণ আর প্রকৃত নিয়ন্ত্রণ এক বিষয় নয়। ইসলামে উপায় অবলম্বন করা বৈধ। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, ক্ষুধার্ত হলে খাবার খাওয়া কিংবা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া—এসবই স্বাভাবিক ও গ্রহণযোগ্য।
একজন মুসলিম ওষুধ গ্রহণ করেন। কিন্তু তাঁর বিশ্বাস থাকে, প্রকৃত আরোগ্যদাতা আল্লাহ তাআলা। ওষুধ কেবল আরোগ্য লাভের একটি মাধ্যম। একইভাবে বিজ্ঞান ও প্রযুক্তিও মানুষের জীবনে বিভিন্ন সুবিধা এনে দেয়। কিন্তু এগুলো স্বয়ংসম্পূর্ণ কিংবা স্বাধীন ক্ষমতার অধিকারী নয়।
বক্তব্যে সতর্কতা ও শ্রোতার বিবেচনা
ইসলাম শুধু সঠিক বিশ্বাসের শিক্ষা দেয় না। সুন্দর, মার্জিত ও দায়িত্বশীল ভাষা ব্যবহারেরও নির্দেশ দেয়। বিশেষত এমন বক্তব্য পরিহার করা উচিত, যা শ্রোতার মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কিংবা ভুল বিশ্বাসের জন্ম দিতে পারে।
এ প্রসঙ্গে সহিহ মুসলিমের মুকাদ্দিমায় হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য বর্ণিত হয়েছে।
مَا أَنْتَ بِمُحَدِّثٍ قَوْمًا حَدِيثًا لَا تَبْلُغُهُ عُقُولُهُمْ، إِلَّا كَانَ لِبَعْضِهِمْ فِتْنَةً
‘তুমি যখন কোনো সম্প্রদায়ের কাছে এমন কথা বলবে, যা তাদের বোধগম্য নয়, তখন তা তাদের কারও কারও জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে।’
এ বক্তব্য থেকে বোঝা যায়, মানুষের জ্ঞান, উপলব্ধি ও মানসিক স্তর বিবেচনা করে কথা বলা জরুরি। এমনকি সত্য কথাও যদি যথাযথভাবে উপস্থাপন না করা হয়, তাহলে তা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনেও এর সুন্দর দৃষ্টান্ত রয়েছে। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, তাঁর ছোট ভাই আবু উমায়ের একটি পাখি নিয়ে খেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে স্নেহ করে বলতেন, ‘হে আবু উমায়ের! তোমার নুগায়ের কী করেছে?’ (সহিহ বুখারি, হাদিস: ৬২০৩)
এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম আখলাক, কোমল আচরণ ও মানুষের মানসিক অবস্থার প্রতি গভীর মনোযোগের পরিচয় ফুটে ওঠে। তিনি শিশুদের সঙ্গেও এমনভাবে কথা বলতেন, যাতে তারা আনন্দিত ও স্বাচ্ছন্দ্যবোধ করে।
তাঁর এ আচরণ আমাদের শেখায়, বক্তব্যের বিষয়বস্তুর পাশাপাশি উপস্থাপনার ধরনও গুরুত্বপূর্ণ। শ্রোতার মানসিকতা, উপলব্ধি ও অবস্থান বিবেচনায় রেখে কথা বলা উচিত।
বিজ্ঞানের যথার্থ মূল্যায়ন জরুরি
বিজ্ঞান মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসা, যোগাযোগ, শিক্ষা, কৃষি ও পরিবহনসহ বহু ক্ষেত্রে বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করেছে। এসব অবদান স্বীকার করা যেমন প্রয়োজন, তেমনি বিজ্ঞানের প্রকৃত অবস্থানও বুঝতে হবে।
বিজ্ঞানকে তার যথার্থ জায়গায় রাখা জরুরি। একে মানুষের জীবনের সহায়ক মাধ্যম হিসেবে মূল্যায়ন করা উচিত। এমনভাবে উপস্থাপন করা উচিত নয়, যাতে মানুষের প্রকৃত নিয়ন্ত্রক সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়।
তাই ‘বিজ্ঞানই মানুষের প্রাত্যহিক জীবনের নিয়ন্ত্রক’ বলার পরিবর্তে বলা যেতে পারে—‘বিজ্ঞান মানুষের প্রাত্যহিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে’ কিংবা ‘বিজ্ঞান মানুষের জীবনযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক’।
এ ধরনের বাক্যে বিজ্ঞানের গুরুত্ব যথাযথভাবে প্রকাশ পায়। একই সঙ্গে ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গেও কোনো বিরোধ তৈরি হয় না।
একজন মুসলিমের উচিত নিজের বিশ্বাস, বক্তব্য ও শব্দচয়নে সতর্ক থাকা। বিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে, প্রযুক্তিকে প্রযুক্তি হিসেবে এবং উপায়-উপকরণকে উপায়-উপকরণ হিসেবেই মূল্যায়ন করতে হবে। মানুষের জীবনের প্রকৃত নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তাআলা। বিজ্ঞান তাঁর সৃষ্ট জগতের নিয়ম আবিষ্কার ও ব্যবহারের একটি মাধ্যম মাত্র।
বিশ্বাসের এই ভারসাম্য বজায় রেখেই বিজ্ঞানকে গ্রহণ করা। তার সুফল ভোগ করা এবং মানুষের কল্যাণে কাজে লাগানো সম্ভব।
এসএইচ/