গাজায় ত্রাণসামগ্রী বোঝাই ১০০টি ট্রাক প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ময়দা, শিশুখাদ্য এবং স্বাস্থ্য সরঞ্জামসহ ট্রাকগুলো বুধবার (২১ মে) গাজায় প্রবেশ করলেও সাধারণ মানুষের কাছে কোনও সহায়তা পৌঁছায় নি বলে জাতিসংঘের দাবি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গাজায় মানবিক সহায়তা প্রদানকারী কর্মীরা বলেন, প্রায় ১১ সপ্তাহ অবরোধের পর গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সোম ও মঙ্গলবার মোট ৯৮ ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু এই সরবরাহ একে তো চাহিদার তুলনায় অপ্রতুল তার ওপর গাজার সুপ কিচেন, বেকারি, বাজার এবং হাসপাতাল পর্যন্ত পৌঁছায় নি।
বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা আন্তোন রেনার্দ বলেছেন, প্রয়োজনের তুলনায় সামান্য ত্রাণই এসে পৌঁছেছে। আর যেটুকও এসেছে, সেটাও জনসাধারণ পায়নি।
