নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ধুপখোলা মাঠে তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের শুরু হয়। সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত বা সম্মাননা পাগড়ি পরানো হবে। ইতোমধ্যে কয়েক হাজার ফারেগিন জড়ো হয়েছেন ধুপখোলা মাঠে।
শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।
প্রথম দিনের আলোচনায় বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এদিন রাত আটটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদিসের সবক পড়ান পাকিস্তানের বিশিষ্ট আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী।
সম্মেলনের প্রথম দিন প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হচ্ছে। পরবর্তী দুই দিনে পর্যায়ক্রমে অন্য ফুজালাদেরও সম্মাননা পাগড়ি পরানো হবে। এ উপলক্ষে ঢাকার বাইরে থেকে অনেক ফুজালা ইতোমধ্যে রাজধানীতে এসেছেন।
তিন দিনব্যাপী এ মহাসম্মেলন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, গবেষক ও অতিথিরা ঢাকায় এসেছেন। বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম ও মাওলানা সাইয়িদ আজহার মাদানী। এ ছাড়া মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীরও অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে আরও উপস্থিত থাকার কথা রয়েছে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী ও মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অতিথিদের।
সম্মেলন উপলক্ষে প্রায় আট একর বিস্তৃত ধুপখোলা মাঠে তৈরি করা হয়েছে মূল মঞ্চ, প্যান্ডেল, অতিথিদের অপেক্ষাকক্ষ, তথ্য যাচাই ও জরুরি নিবন্ধন কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেট এবং মিডিয়া কাউন্টার। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা।
আইও/