শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় একজন এবং এর কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কায়  আরেকজন মারা যান। 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাড়া লিংক রোডের আদমজী রোডে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

নিহত হারাধন চন্দ্র দত্ত  (৪৫) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, রাতের দিকে হারাধন চন্দ্র দত্ত সড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই মো. শামীম রেজা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত লরিটি শনাক্ত করার পাশাপাশি এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এ সময় লেগুনার চালকের বাম পাশে বসা যাত্রী শাহাদাত হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও একজন আহত হন।

দুর্ঘটনার পর লেগুনার চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লেগুনা উদ্ধার করে। পরে রেকারের মাধ্যমে গাড়ি দুটি শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পে নিয়ে হেফাজতে রাখা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ