চাঁদপুর প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাত প্রতিযোগিতা-২০২৬’।
চাঁদপুর সদর জামিয়া ইসলামিয়া দারুল ঈমান বেগম জামে মসজিদ কমপ্লেক্সের আওতাধীন সেবামূলক সংগঠন আল-ঈমান খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর জেলার স্কুলশিক্ষার্থীদের জন্য বিশেষ এই প্রতিযোগিতা অনুষ্ঠান আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার, দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বেগম জামে মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ আগস্ট) সীরাত প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতি মাহবুবুর রহমান তা নিশ্চিত করেছেন।
মুফতি মাহবুবুর রহমান শিক্ষা সিলেবাসে সীরাত বিষয়ক বইয়ের শূন্যতা নিয়ে পরিতাপ করে বলেন, ‘বাংলাদেশ ৯১% মুসলমানের দেশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, এখানে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী ও আদর্শ জাতীয় শিক্ষা সিলেবাসের বাইরে। ফলে তরুণ প্রজন্ম ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা ও মহানবীর সীরাতের আলো থেকে দূরে সরে যাচ্ছে। এ বাস্তবতা উপলব্ধি করেই আল-ঈমান খিদমাহ ফাউন্ডেশন প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে।’
তিনি আরও বলেন, প্রতিযোগিতায় চাঁদপুর জেলাধীন যেকোনো স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার নির্ধারিত বই হিসেবে রাখা হয়েছে ‘সীরাতে খাতামুল আম্বিয়া’। মহানবী (সা.)-এর জীবন, চরিত্র, আদর্শ ও মানবিক গুণাবলি সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার সাইকেল, তৃতীয় পুরস্কার ফিল্টার, চতুর্থ পুরস্কার ব্লেন্ডার এবং পঞ্চম পুরস্কার হিসেবে ডিনার সেট দেওয়া হবে। এছাড়াও ৬ষ্ঠ থেকে ১৫তম স্থান অর্জনকারীদের জন্য থাকছে আকর্ষণীয় ব্যাগসহ অন্যান্য পুরস্কার।
আরও জানানো হয়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তাঁর সুন্নাহ ও উত্তম চরিত্র অনুসরণের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে ইসলামের শান্তি, মানবিকতা ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেওয়াও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আয়োজক কমিটির পক্ষ থেকে চাঁদপুর জেলার স্কুলশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে।
আইও/