রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮


গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন ছাড়া দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো রাজনৈতিক প্রক্রিয়া দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। তাই গণভোটের গণমুখী রায় দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। জনগণের স্বার্থ উপেক্ষা করে একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়, জুলুম ও শোষণের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী রেজাউল করিম। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ জাহিদ হাসান।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক ড. সহিদুল বারী।

এছাড়া বক্তব্য দেন কুষ্টিয়া জেলা ছাত্র মজলিসের সভাপতি তুষার, যুব মজলিসের মাওলানা শারাফাত হুসাইন, দৌলতপুর থানা শাখার সেক্রেটারি মাওলানা আজিম উদ্দিন, ভেড়ামারা থানা সভাপতি মাওলানা আবু সাইদ, মিরপুর থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, মিরপুর পৌর সেক্রেটারি মাওলানা আবুল হাসেম, কুষ্টিয়া সদর সভাপতি মুফতী বশির উদ্দিন, কুষ্টিয়া পৌর সভাপতি মুফতী হারুনুর রশীদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতী আলমগীর হোসেন প্রমুখ।

সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামান।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ