নিজস্ব প্রতিবেদক
ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য কোনো ধরনের জবরদস্তি করা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, টাকা বড় বিষয় নয়; বরং সম্মান ও ইজ্জতের দিকে খেয়াল রাখতে হবে। কে বেশি টাকা দিলেন, কে কম দিলেন—সেদিকে দৃষ্টি না দিয়ে নিজেদের দাঈ ইলাল্লাহ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তবে সাহেবে দাওয়াতদেরও বিষয়টি খেয়াল রাখা উচিত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফেনীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আকাবিরের চিন্তা, দাওয়াতের মানহাজ ও তারুণ্যের প্রস্তুতি’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, ‘আমরা যারা দ্বীনের দাঈ, জেলে যেতে হলেও যাব। তারপরও কোনো দাঈকে দাওয়াত থেকে বিরত রাখা যাবে না। দাওয়াতের পথ থেকে ফেরার কোনো সুযোগ আমাদের নেই।’
ওয়াজের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, ‘ওয়াজের মাঠে কেরামতের আলোচনা কমিয়ে আজগুবি কথা না বলে মানুষকে বাস্তব বিষয়গুলো বেশি করে শোনাতে হবে। কথা বলার সময় কামেল আমল সম্পর্কে বলতে হবে, যা সাধারণ মানুষ চেষ্টা করলে পারবে। কোরআন ও হাদিসের রেফারেন্স মানুষের সামনে তুলে ধরতে হবে। ওয়াজের মঞ্চে হাসি-গল্প না করে মানুষকে আমলের বিষয়ে সচেতন করতে হবে। মঞ্চে কারো সমালোচনা করা যাবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে আলেম-দাঈদের কর্মকাণ্ডের সমালোচনা করে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, ‘ফেসবুকে আজ আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছি। দ্বীনের দাঈরা কখনো কারো বিরুদ্ধে প্রচারণা চালাতে পারে না।’
তিনি বলেন, ‘আগামীতে দ্বীনের দাঈদের দেশের দায়িত্ব নিতে হবে। বর্তমান দুনিয়ার বিষয়ে খোঁজখবর রাখতে হবে। আগামী পাঁচ বছর আমাদের সামনে বড় সময়। এ সময়ে মানুষের সঙ্গে থাকুন, তাদের প্রয়োজন বুঝুন।’
মানুষের পাশে থাকার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘মানুষের জন্য কাজ করতে পারলে তারা ভোটের মাঠে তার প্রতিদান দেবে। না হলে ওয়াজের মাঠ জনসমুদ্রে পরিপূর্ণ হলেও মানুষের জন্য কাজ না করে ভোট চাইতে গেলে পাঁচ হাজারের বেশি ভোট পাওয়া যাবে না।’
সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক, বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের পরিচালক মুফতী শামসুদ্দোহা আশরাফী এবং উজানী কারী ইবরাহিম রহ.-এর প্রপৌত্র মুফতী ওমর ফারুক ইব্রাহিমী।
ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সম্মেলনে ফেনীর বিশিষ্ট আলেম-ওলামা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
এসএইচ/