দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে মুখোমুখি করা হয়েছিল আদালতে।
শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার মূল তদন্ত ও অভিযোগের বাইরে গিয়ে হুট করেই টেনে আনেন নানা রাজনৈতিক প্রসঙ্গ। অপ্রাসঙ্গিক ও রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করলে তৎক্ষণাৎ বাঁধ সাধেন বিচারক। তিনি রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে থামিয়ে দিয়ে কড়া ভাষায় নির্দেশ দেন— রাজনীতির কথা বাদ দিয়ে যেন কেবল মামলার মূল বিষয়বস্তু ও অভিযোগের ভিত্তিতেই যুক্তি উপস্থাপন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ শুনানি হয়।
রোববার সন্ধ্যায় সংসদ ভবনের ঠিক বিপরীত পাশের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের নিথর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এ ঘটনার পর পরই দ্রুত পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই রাতেই জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য শেরেবাংলা নগর থানা পুলিশ হেফাজতে নেয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদাকে।
মরিয়মের বাবা এস এম মাসুম আত্মহত্যার প্ররোচনার গুরুতর অভিযোগ এনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, এমপির প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের নিজের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় গ্রেফতার দেখিয়ে এদিন দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে দুই আসামিকে আদালতে নেওয়া হয়। দুপুর ২টা ২২ মিনিটের দিকে তাদের আদালতে হাজির করা হয়। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
পাঁচটি কারণ দেখিয়ে তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার দুইজনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
তাদের ৩টা ১২ মিনিটের দিকে সিঁড়ি মাড়িয়ে পঞ্চম তলার এজলাসে তোলা হয়। এসময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আসামিদের কাঠগড়ায় নেওয়ার পর এসব খুলে দেওয়া হয়।
বিচারক এহসানুল ইসলাম এজলাসে ওঠেন ৩টা ১৫ মিনিটে। ৩টা ১৬ মিনিটের দিকে মামলার শুনানি শুরু হয়।
রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা।
আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান।
তিনি বলেন, দুই আসামির মধ্যে একজন রানিং এমপি, আরেকজন জামায়াতের কর্মী। আত্মহত্যায় প্ররোচনার মামলা।
এসময় নজরুল ইসলাম আরেক আইনজীবীকে ডেকে বলেন, বীর মুক্তিযোদ্ধার কথা বলেনি।
আইনজীবী মাহবুবুর বলেন, নজরুল ইসলাম চারবারের এমপি। এ মামলায় তাদের রিমান্ডে নেওয়ার মত বিন্দু বিসর্গ কিছু উপস্থাপন করতে পারেনি। তিনি একজন বয়স্ক মানুষ। রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা। আমরাও মৃত্যুর বিচার চাই। তবে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। ন্যায়বিচারের স্বার্থে রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিন দেওয়া হোক। আমরা সবকিছুতে সহযোগিতা করব। পালিয়ে যাওয়ার মত লোক আমরা নই।
তিনি একজন আইনজীবীকে ডেকে বলেন, রোববার আমি আদালতে ছিলাম।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মামা ওবায়দুর রহমানকে প্রলোভন দেখিয়ে মরিয়মকে বিয়ে করেন এমপি নজরুল ইসলাম। প্রথম স্ত্রীকেও রাজি করান মরিয়মকে বিয়ে করাতে। ওই মেয়েকে নিয়ে বিভিন্ন হোটেল, মোটেলে যাওয়ার ভিডিও দেখা যায়। তারা ন্যাম ভবনে বাস করতেন। ২০ তারিখে মরিয়ম আত্মহত্যা করে। সুইসাইড নোটও পাওয়া যায়। আত্মহত্যায় প্ররোচনা অভিযোগে মামলা হয়েছে। হত্যার বিষয় উড়িতে দিতে পারি না। সবকিছুতে পূর্ব পরিকল্পনা ছিল। আমরা শুনে এসেছি, জামায়াতে ইসলামীর লোক সৎ।
এসময় বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন, এ মামলার ঘটনায় থাকি। পলিটিকাল বিষয়ে না যাই।
পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফারুকী বলেন, সৎ লোকের শাসন দেখছি। তাদের রিমান্ডের প্রার্থনা করছি।
মাহবুবুর রহমান বলেন, তারা দুইজনই বয়স্ক মানুষ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করি না। নজরুল ইসলাম একজন আইন প্রণয়ন কর্মকর্তা। ঘটনা একটা ঘটে গেছে।
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা ইসলামের একদিনের রিমান্ডের আদেশ দেয়।
মামলার এজাহারে নিহতের বাবা মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, ঘটনাটির সূত্রপাত গত জুন মাসে। নিহতের মামা ওবায়দুর রহমানের সরাসরি মধ্যস্থতা ও আগ্রহেই সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে পিঁড়িতে বসেন বাদীর ১৯ বছর বয়সি বড় মেয়ে মরিয়ম। বিয়ের পর ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে স্বামী নজরুল এবং তার প্রথম স্ত্রী মাকছুদার সঙ্গে একই ছাদের নিচে সংসার শুরু করেন তিনি।
তবে সেই সংসার মরিয়মের জন্য সুখের হয়নি। পরিবারের কাছে মরিয়ম কান্নাকাটি করে জানিয়ে গেছেন— বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা মিলে প্রতিনিয়ত তার ওপর অমানুষিক মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন।
রোববার বিকাল সাড়ে পাঁচটা দিকে হঠাৎ করেই মরিয়মের বাবা মাসুম বিল্লাহর ফোনে কল দেন সংসদ সদস্য নজরুল। ফোনে তিনি তাড়া দিয়ে বলেন দ্রুত তাদের বাসায় পৌঁছাতে। খবর পেয়ে বাবা হন্তদন্ত হয়ে ন্যাম ভবনে ছুটে যান। ঘরের ভেতর কেবল নিজের আদরের মেয়ে মরিয়মের নিথর দেহটি ঝুলতে দেখেন হতভাগা বাবা।
এসএইচ/