শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক ও সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল ও তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলমান ইসলামি বইমেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর ইসলামি মূল্যবোধ, গবেষণা, দ্বীনি খেদমত, লেখালেখি ও সাংগঠনিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর জীবন ও কর্মের নানা স্মৃতিও আলোচনায় উঠে আসে।

এ সময় তাঁর নতুন প্রকাশিত গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’ নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। বইটির বিষয়বস্তু ও লেখকের চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরে আয়োজকেরা পাঠকদের বইটি পড়ার প্রতি আগ্রহী করে তোলার কথা বলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুস সাকাফা আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সাইয়েদ আহমাদ সাঈদ, বরেণ্য লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আমার বার্তার সহসম্পাদক মাসউদুল কাদির, মাকতাবাতুল খিদমাহর স্বত্বাধিকারী মাওলানা আবদুল মান্নান, জামিয়াতুন নূর আল-আলামিয়্যাহর মুহাদ্দিস মাওলানা ত্বোহা দানিশ, রফরফের কর্ণধার ইলয়াস হুসাইন, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সাধারণ সম্পাদক নকীব মাহমুদ, সহসাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী ও হাফেজ মাওলানা আতিকুল্লাহ।

এ ছাড়া মাকতাবাতুল ফাতাহর সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ কাসেমী, কবি রবিউল খন্দকার, দৈনিক আজকের পত্রিকার সহসম্পাদক কাউসার লাবীব, মাদ্রাসা আল-আশরাফের প্রতিষ্ঠাতা মাওলানা সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের আলেম, লেখক ও সাহিত্যাঙ্গনের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোবারক সাঈদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর তিন ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাঁর শ্বশুর আল্লামা সাইয়েদ আহমাদ সাঈদ।

অনুষ্ঠানে বইপ্রেমী, আলেম-ওলামা, লেখক, পাঠক ও ইসলামি বইমেলায় আগত বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’ ইসলামি বইমেলায় মাকতাবাতুল খিদমাহর ১৪৩ ও ১৪৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ