সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

শেখ হাসিনা ঐক্য পরিষদের নামে বৈঠক, ছাত্রলীগ-যুবলীগের ১৪ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শেখ হাসিনা ঐক্য পরিষদের নামে অনুষ্ঠিত এক বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ১৪ জনের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক শহীদুল ইসলামও আছেন বলে নিশ্চিত করেছেন ডিবি কর্মকর্তারা। গতকাল (রোববার, ৩ মে) দিনগত রাতে নগরীর হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকার তায়েফ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। 

সোমবার (৪ মে) সকালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের আসল রাজনৈতিক পরিচয় আড়াল করে শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে বৈঠক করছিলেন।

দেশে-বিদেশে পলাতক নেতারা অনলাইনে ওই বৈঠকে যুক্ত হবেন- এমন তথ্য পেয়ে ডিবি পুলিশের একটি টিম হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় তায়েফ রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযানে ১৪ নেতাকর্মীকে আটক করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, নিষিদ্ধ সংগঠন হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে সম্প্রতি শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে সংগঠনটি গড়ে তোলেন। এভাবে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। পলাতক কিছু লোকজন অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি দিকনির্দেশনা দেবেন, এমন তথ্যও আমাদের কাছে ছিল।

অভিযানের বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিষিদ্ধ সংগঠনটির নেতারা তায়েফ রেস্টুরেন্টের চতুর্থ তলায় হলরুমে জড়ো হতে শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা ৮টার দিকে অভিযান শুরু করি। ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে মহানগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে গেছে। গত ২৫ এপ্রিল পলোগ্রাউন্ড, ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক মিছিলের ঘটনা ঘটে।

এর আগেও অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকায় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও বলছে, বিদেশে অবস্থানরত কিছু নেতার সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল। 

আটক হওয়া ব্যক্তিদের অধিকাংশই চট্টগ্রাম উত্তর জেলা ইউনিটের সঙ্গে যুক্ত এবং তাদের বাড়ি সীতাকুন্ড ও মিরসরাই উপজেলা এলাকায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ