মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কবি আল মুজাহিদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

কবির কন্যা পরমা গণমাধ্যমকে বলেন, কিডনির কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ায় তার বাবার শরীরে প্রস্রাবের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এতে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে অ্যাসিডিটি (অ্যাসিডোসিস) তৈরি হয়। পাশাপাশি হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং এর মধ্যেই তিনি একটি মাইনর হার্ট অ্যাটাক করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কবিকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

কবির শারীরিক জটিলতা সম্পর্কে পরমা আরও বলেন, শরীরে অ্যাসিডিটির প্রভাব পড়ায় মুখে জটিলতা দেখা দিয়েছে, যার জন্য অপারেশন প্রয়োজন। তবে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকা, ফুসফুসে পানি জমা, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে বর্তমানে অপারেশন করা যাচ্ছে না। চিকিৎসকেরা আপাতত তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

তিনি বলেন, চিকিৎসকেরা ইলেকট্রিক শক থেরাপির কথাও বিবেচনা করছেন। তবে হৃদ্‌রোগ, সংক্রমণ এবং বয়সজনিত কারণে সেখানেও ঝুঁকি রয়েছে। আগামীকাল সোমবার চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে কবি স্বাভাবিকভাবে খেতে বা কথা বলতে পারছেন না। তাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতি হবে কি না—সে বিষয়ে চিকিৎসকেরা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

পরিবার সূত্রে জানা যায়, আল মুজাহিদী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন। প্রায় এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি শয্যাশায়ী হয়ে পড়েন।

আল মুজাহিদী একসময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নেন। সাহিত্যের বিভিন্ন শাখায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। কবিতা, উপন্যাস, ছোটগল্প, গবেষণা, শিশু সাহিত্য ও অনুবাদ—সব ক্ষেত্রেই তিনি কাজ করেছেন। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার, বাসাসপ কাব্যরত্ন পদকসহ একুশে পদক লাভ করেন তিনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ