চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় মাওলানা মোহাম্মদ শোয়াইব আহমদ (৪৫) ওরফে মহেশখালী হুজুর নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার এগারো মাইল এলাকায় মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোয়াইব ওই এলাকার শাহ অলি উল্লাহ নামে একটি মাদরাসায় সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলেন এবং তিনি মহেশখালী উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, রাতে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতাল থেকে তার অসুস্থ এক ভগ্নিপতিকে দেখে নগরীর মুরাদপুর থেকে দ্রুতযান সার্ভিসের একটি বাসযোগে মাদরাসায় ফিরছিলেন তিনি। গন্তব্যে পৌঁছলে অসাবধান হয়ে চলন্ত অবস্থায় বাস থেকে নামার সময় সেই বাসের নিচে পড়ে যান। এতে মুহূর্তে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও আটক হয়নি বাসের চালক বা হেলপার।