পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে এখন পুলিশের কোনো কার্যালয়ে বা থানায় যেতে হবে না। অনলাইনে আবেদন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই সনদটি পাওয়া যাবে। আর সনদে থাকবে কিউআর কোড, যা স্ক্যান করে সরাসরি পুলিশের ওয়েবসাইট থেকে ইস্যু হওয়া সনদের ডিজিটাল কপি দেখা যাবে। যার ফলে বিদেশি মিশনগুলো অনলাইনে খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সনদ যাচাই করতে পারবে।
গতকাল আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশ পুলিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির যৌথ আয়োজনে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত ডিআইজি (আইসিটি) ব্যারিস্টার হারুন অর রশিদ, কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স চালুর ফলে সেবাপ্রত্যাশী জনগণের অর্থ ও সময় সাশ্রয় হবে। তাঁরা হয়রানির শিকার হবেন না। এতে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
সভাপতির বক্তব্যে আইজিপি জনসেবামূলক কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তিতে পুলিশ অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে পুলিশ পিছিয়ে নেই।
নতুন এই কার্যক্রম সম্পর্কে অনুষ্ঠানে জানানো হয়, বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরা দেশে বা দেশের বাইরে যেকোনো জায়গায় pcc.police.gov.bd ঠিকানায় অথবা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেন্যুতে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ফি পরিশোধের চালান স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীর ব্যক্তিগতভাবে থানায় যাওয়ার প্রয়োজন হবে না।
এরপর আবেদনকার