বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক

প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রকৌশলবিদ্যায় উচ্চশিক্ষা, দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা—সব পরিচয় ছাপিয়ে তিনি পরিচিত ছিলেন একজন নিবেদিতপ্রাণ দীনি সাধক হিসেবে। একদিকে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক সহকারী অধ্যাপক, অন্যদিকে ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত হাফেজ্জী হুজুর রহ. ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক রহ.-এর খলিফা। বলছি মাওলানা প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ.-এর কথা। ২০২৩ সালের ২ নভেম্বর ইন্তেকালের মধ্য দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তাঁর ইন্তেকালের তিন বছর পূর্ণ হলো আজ।

১৯৩৮ সালের ৯ জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন প্রফেসর হামীদুর রহমান। ১৯৫৫ সালে ইসলামিয়া হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। ১৯৫৭ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) ভর্তি হন। উচ্চশিক্ষা শেষে ১৯৬৫ সালে প্রশিক্ষণের জন্য ইংল্যান্ডে যান। ১৯৬৯ সালে বুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৮০ সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পেশাগত জীবনে প্রকৌশলবিদ্যার সঙ্গে যুক্ত থাকলেও তাঁর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনা। ১৯৭৪ সালে তিনি উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হজরত মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর হাতে বায়াত গ্রহণ করেন। পাঁচ বছর পর তাঁর কাছ থেকে খেলাফত লাভ করেন।

হাফেজ্জী হুজুর রহ.-এর ইন্তেকালের পর তিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর সর্বশেষ খলিফা মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক রহ.-এর সান্নিধ্যে আসেন। তাঁর কাছেও বায়াত গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে খেলাফত লাভ করেন। এভাবে দেশের প্রখ্যাত দুই আধ্যাত্মিক সাধকের সান্নিধ্য ও দিকনির্দেশনায় গড়ে ওঠে তাঁর আত্মশুদ্ধির জীবন।

পারিবারিক জীবনেও তিনি ছিলেন ধর্মীয় অনুশাসন ও দ্বীনি শিক্ষার প্রতি যত্নশীল। ১৯৬৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পাঁচ ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি। তাঁর পাঁচ ছেলেই হাফেজ ও আলেম।

জীবনের শেষ সময়ে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন প্রফেসর হামীদুর রহমান। এর আগে দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ২ নভেম্বর দুপুর ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ