নিজস্ব প্রতিবেদক
সারাদেশে প্রায় সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে দেশের ৩০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে নার্সারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। আয়োজকদের দাবি, প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ছিল। উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
প্রাথমিক পর্যায়ে ইসলামি ও সাধারণ শিক্ষার মানসম্মত সমন্বয়ের মাধ্যমে শিশুদের যুগোপযোগী ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা আইডিয়াল এডুকেশন সোসাইটির অন্যতম লক্ষ্য।
এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি সারাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম উন্নয়ন, দক্ষ ও পেশাদার শিক্ষক তৈরি এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
‘আলোর পথে, জ্ঞানের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে সংগঠনটি। আইডিয়াল এডুকেশন সোসাইটির চেয়ারম্যান মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ ও মহাসচিব কে এম জাহিদ তিতুমীরের নেতৃত্বে একদল মেধাবী ও কর্মঠ তরুণ শিক্ষকের সমন্বয়ে গঠিত পরিষদ এসব কার্যক্রম পরিচালনা করছে।
এসএইচ/