শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কেন্দ্রসচিবদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, প্রত্যবেক্ষক নিয়োগ, প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে করণীয় তুলে ধরা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রসচিবও ছবি তোলার সুবিধা নেই—এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত নিয়মে পরীক্ষা গ্রহণের সার্বিক দায়িত্ব পালন করবেন একজন কেন্দ্রসচিব।

পরীক্ষার্থীদের আসন বিন্যাসে প্রত্যেকের মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব রাখতে হবে। একটি বেঞ্চে দুজনের বেশি পরীক্ষার্থী বসানো যাবে না। কোনো কেন্দ্রে আসনসংখ্যার তুলনায় পরীক্ষার্থী বেশি হলে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানকে উপকেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে।

পরীক্ষার কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ দিতে হবে। তবে কোনো কক্ষেই দুজনের কম প্রত্যবেক্ষক রাখা যাবে না। ছাত্রীদের পরীক্ষার কক্ষে অন্তত একজন নারী শিক্ষককে প্রত্যবেক্ষকের দায়িত্ব দিতে হবে।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থী উপস্থিত হলে কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় তাকে প্রবেশের অনুমতি দিতে পারবেন। তবে বিলম্বে আসার কারণ লিখিতভাবে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষাকেন্দ্রের বাইরের শৃঙ্খলা রক্ষায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী, অভিভাবক কিংবা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে হ্যান্ডমাইক ও সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছে বোর্ড।

প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবস্থাপনার বিষয়ে বলা হয়েছে, পঞ্চম ও অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পৃথক উত্তরপত্রে নিতে হবে। পরীক্ষার্থীদের ত্রুটিপূর্ণ উত্তরপত্র দেওয়া যাবে না।

এ ছাড়া কেন্দ্রসচিবদের নিজ নিজ কেন্দ্রের আওতাধীন মাদরাসাগুলোর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংশ্লিষ্ট মাদরাসাপ্রধানদের কাছে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা গ্রহণের পাঁচ কর্মদিবসের মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে।

পরীক্ষার্থীদের হাজিরা শিটে স্বাক্ষর নিতে হবে। কেউ অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট তারিখ ও বিষয়ের পাশে লাল কালিতে ‘অনুপস্থিত’ লিখতে হবে। পরীক্ষা শেষে বিষয়ভিত্তিক ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের পাশাপাশি উত্তরপত্র যথাযথভাবে প্যাকেট করে বোর্ডে পাঠাতে হবে। দুটি প্যাকেট একত্র করে পঞ্চম শ্রেণির উত্তরপত্র সাদা কাপড়ে এবং অষ্টম শ্রেণির উত্তরপত্র হলুদ কাপড়ে মুড়িয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পোস্তা, ঢাকা-১২১১ ঠিকানায় পাঠাতে হবে।

প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনের কাজে পুলিশের সংশ্লিষ্টতা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য প্রণীত পৃথক দুটি নীতিমালা বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড ও প্রিন্ট করে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রসচিবদের বলা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ