শিক্ষকরাই আগামী প্রজন্মকে আদর্শ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মূল কারিগর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান।
শনিবার (৬ জুন) রাজধানীর ডেমরার সুলতান ফুড ল্যান্ডে দারুননাজাত একাডেমির উদ্যোগে আয়োজিত ‘মিট উইথ ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘শিক্ষক হলেন জাতি গঠনের মহান কারিগর। কোমলমতি শিশুদের নৈতিক, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। বর্তমান প্রজন্মের শিশুরা শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা পোষণ করে। ফলে ভবিষ্যৎ প্রজন্ম গঠনের সবচেয়ে বড় দায়িত্ব শিক্ষকদের কাঁধেই ন্যস্ত।’
তিনি বলেন, ‘দারুননাজাত একাডেমি বর্তমান সময়ের আলীগড় আন্দোলনের চেতনা ধারণ করতে পারে। স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সমাজকে অশিক্ষা ও কুসংস্কারমুক্ত করতে আধুনিক শিক্ষার প্রসারে যে ভূমিকা পালন করেছিলেন, আজকের প্রেক্ষাপটে দারুননাজাত একাডেমিকেও সেই ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার কাজ শিক্ষকদেরই করতে হবে।’
অনুষ্ঠানে দারুননাজাত একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘দারুননাজাত একাডেমি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি মানুষের স্বপ্ন গড়ার কারিগর। আগামী প্রজন্মকে দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।’
তিনি আরও বলেন, ‘একটি ভালো সমাজ গঠনের পূর্বশর্ত হলো ভালো মানুষ তৈরি করা। আর ভালো মানুষ গড়ে তুলতে হলে গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের পেশাগত বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা মহিলা শাখার উপাধ্যক্ষ মাওলানা খান মুহাম্মদ সফিউল্লাহ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার (লিগ্যাল) অ্যাডভোকেট মু. বুরহানুর রহমান খান, দারুননাজাত একাডেমির অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আরএইচ/