কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আপত্তির মুখে বন্ধ হয়ে গেছে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল। প্রশাসনের অনুমতি না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
শুক্রবার দুপুরে অলিরবাজারে মাহফিলটি হওয়ার কথা ছিল। তবে তাহেরীর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানান তারা।
হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তিনি সেখানে আসতে চাইলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।
অন্যদিকে, তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, যে কোনো কিছুর বিনিময়ে তারা তাহেরী হুজুরের মাহফিল আয়োজন করবেন।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসএইচ/