রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কওমি ধারার সাত ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্য নিয়ে কয়েক মাসের আলোচনা এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে চলা এই ঐক্যপ্রক্রিয়ার সমন্বিত রূপরেখা নিয়ে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় বসছেন দলগুলোর শীর্ষ নেতারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের। আলোচনায় ঐকমত্য হলে আজই সাত দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত হতে পারে।

ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত সাত দলের পাঁচজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নিচ্ছেন। হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব ছাড়াও রূপরেখা প্রণয়নে গঠিত উপকমিটির সদস্য এবং সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন।

দলগুলোর পক্ষ থেকে পৃথকভাবে দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত খসড়া তৈরি করেছে সাত সদস্যের উপকমিটি। আজকের বৈঠকে সেই খসড়া নেতাদের সামনে উপস্থাপন করা হবে। এরপর বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা হবে। কোনো বিষয়ে সংশোধন বা সংযোজনের প্রয়োজন হলে তা আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বলেন, আমির ও মহাসচিবের উপস্থিতিতে বৈঠকে খসড়া রূপরেখা উপস্থাপন করা হবে। নেতাদের আলোচনার ভিত্তিতে সেটি চূড়ান্ত হতে পারে।

ঐক্যপ্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ। তিনি বলেন, হেফাজত আমিরের পক্ষ থেকে ডাকা বৈঠকে তারা অংশ নেবেন। তবে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে, তা উপকমিটি ভালো বলতে পারবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সাত দল নিজ নিজ প্রস্তাব দেওয়ার পর উপকমিটি একটি সমন্বিত রূপরেখার খসড়া তৈরি করবে এবং তা নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক করবে—হেফাজতের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল। সে অনুযায়ী বৈঠকের সময় নির্ধারণ করে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বৈঠকে উপস্থিত হয়ে ঐক্যের রূপরেখা নিয়ে আলোচনা করবেন।

খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারাও বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ