আন্তর্জাতিক ডেস্ক
রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ‘৭০ সালা ফুজালা সম্মেলনে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরস পেশ করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী। এ সময় তিনি বলেন, দীনি মাদরাসাগুলো যতদিন দারুল উলুম দেওবন্দের উসুল ও আদর্শ অনুযায়ী পরিচালিত হবে, ততদিন সেগুলো দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করবে। তাই সব পরিস্থিতিতে আকাবিরের দেখানো পথ আঁকড়ে ধরে থাকতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি। প্রায় ১৫ বছর পর তার বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় সরাসরি উপস্থিত হতে পারেননি। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরস দেন তিনি। তার বক্তব্য ঘিরে উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।