চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো- মিজানুর রহমানের মুদি দোকান, আমির হোসেনের চায়ের দোকান, জয়না আবেদিনের মুদি দোকান, বাবুলের মুদি দোকান এবং আবুল বাশারের ফার্নিচারের দোকান। এর মধ্যে ফার্নিচারের দোকানটি আংশিক পুড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। পরে দোকানে আগুন লাগার খবর পেয়ে তারা বাজারে এসে স্থানীয় লোকজনের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই কয়েকটি দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে যায়।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে রাত ২টার দিকে আগুন লাগার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বলেন, সকালে ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
আইও/