চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই প্রাণ হারিয়েছেন তিনজন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ওসিরা।
মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার আতাহার এলাকার রাব্বিলের ছেলে আব্দুল্লাহ (১৪), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চক নরেন্দ্র গ্রামের আব্দুর রউফের স্ত্রী মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাগি বাজারপাড়ার কাশেম আলীর মেয়ে সাহিদা খাতুন (১৬) এবং মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলী ছেলে মো. মেসবাউল (১৪) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাপড়া গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমি আরা (৪০)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জে নিহত তিনজন বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।
আরএইচ/