জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, আলেম-উলামা এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুবাশশির আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সেক্রেটারি মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, প্রচার সম্পাদক মাওলানা আরশদ নুমান এবং দফতর সম্পাদক হাফিজ মাওলানা আবদুল্লাহ গাজীনগরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষার প্রসার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদর্শিক কর্মী গঠন, উম্মাহর ঐক্য সুদৃঢ়করণ এবং ইসলামী নেতৃত্ব বিকাশে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাবকে সভাপতি, মাওলানা রমজান হোসাইনকে সাধারণ সম্পাদক এবং হাফিজ মনির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
জেডএম/
