মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বন্দরে জট নিরসন ও কার্যক্রম বাড়াতে ১০২ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধকল্পে কাস্টমস হাউস, চট্টগ্রাম অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে এই নিলাম আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় জুন/২০২৬ মাসে নিলামযোগ্য ১০২ কন্টেইনার পণ্য E-Auction পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়। 

মঙ্গলবার (২ জুন) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত নিলামের বিশেষ আদেশ নং- ৮২/২০২৫/কাস্টমস অনুসারে ই-অকশন-৬/২০২৬ এ ৪৪ লটে ১০২ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের ক্যামিকেল, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইম স্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার, গৃহস্থালি পণ্য ইত্যাদি। এসকল পণ্যচালানের নিলামে কোন সংরক্ষিত মূল্য (Reserved Value) থাকছে না। 

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। আগ্রহী ক্রেতাগণ ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল E-Auction পোর্টালে

(http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। অনলাইনের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও আনুষাঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাগণকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।  

আগামী ১৮ জুন, ২০২৬ তারিখ সকাল ১১টায় ই-অকশন-৬/২০২৬ এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিডারগণকে E-Auction পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়।

চট্রগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এ নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় জাতীয় রাজস্ব বোর্ড।  

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ