শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৬ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭


প্রতারক চক্রের বিরুদ্ধে আজহারীর কঠোর সতর্ক বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও এবং কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ক্লোন করে বড় ধরনের ডিজিটাল প্রতারণা শুরু করেছে একটি চক্র। ভুয়া প্রোডাক্ট ও চিকিৎসা সংক্রান্ত সহস্রাধিক বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মিজানুর রহমান আজহারী।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই সতর্কবার্তা দেন।

মাওলানা আজহারী জানান, দুই মাস আগেও তিনি এই প্রতারক চক্রের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়েছিলেন। তখন চক্রটি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখলেও এখন আবারও সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এআই ব্যবহার করে আমার ছবি, ভিডিও ও কণ্ঠস্বর ক্লোন করে ভুয়া প্রোডাক্ট ও চিকিৎসা সংক্রান্ত সহস্রাধিক বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।’

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ইতোমধ্যে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজহারী বলেন, ‘ইতোমধ্যে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট পেজ ও কন্টেন্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে প্রতারক চক্রের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজও চলমান রয়েছে।’

যারা এই জালিয়াতির সাথে জড়িত, তাদের সতর্ক করে আজহারী বলেন, ‘আপনারা দেশ বা বিদেশের যেখানেই থাকুন না কেন, আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের ব্যাপার মাত্র। জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর।’

অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন। হাসানাহ ফাউন্ডেশন (Hasanah Foundation) কিংবা আমার পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্য প্রমোশন করা হয় না।’

বিভ্রান্তি এড়াতে তিনি তার ও হাসানাহ ফাউন্ডেশনের সকল অফিশিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক শেয়ার করেছেন। পাঠকদের সুবিধার্থে সেগুলো নিচে তুলে ধরা হলো-

ব্যক্তিগত ওয়েবসাইট: mizanurrahmanazhari.net

ফেসবুক: mizanurrahmanazhariofficial

ইউটিউব: @DrMizanurRahmanAzhariChannel

ইনস্টাগ্রাম: @dr.mizanur.rahman.azhari

এক্স (টুইটার): @AzhariTweets

হাসানাহ ফাউন্ডেশন ওয়েবসাইট: hasanahfoundation.com

পরিশেষে, কোনো প্রকার বাণিজ্যিক বিজ্ঞাপন বা ওষুধের প্রচারণায় মাওলানা আজহারীর ছবি বা কণ্ঠস্বর দেখলে তা ভুয়া হিসেবে গণ্য করতে এবং রিপোর্ট করার জন্য তিনি তার শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ