কুমিল্লা প্রতিনিধি
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ। ২০২৬ সালের শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উষ্ণতার উপহার পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ান’—এ আহ্বানকে সামনে রেখে গৃহীত এ কর্মসূচির আওতায় অসহায় মানুষের মাঝে কম্বল, শাল ও শীতের টুপি বিতরণ করা হবে।
কর্মসূচি বাস্তবায়নে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক হৃদয়ের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিষদ। এ লক্ষ্যে সহযোগিতার জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একটি কম্বলের মূল্য ৫৫০ টাকা, একটি শালের মূল্য ২৫০ টাকা এবং একটি শীতের টুপির মূল্য ১০০ টাকা।
পরিষদ সংশ্লিষ্টরা জানান, শীতের তীব্রতায় অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি। সবার সম্মিলিত সহযোগিতায় শীতার্ত মানুষের কাছে উষ্ণতার উপহার পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কর্মসূচিটি সফল হবে এবং শীতের কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফুটবে।
আয়োজনে: পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ, নাঙ্গলকোট, কুমিল্লা।
তথ্যসূত্র: মুফতী ইমামুদ্দীন আরেফী, যুগ্ম সম্পাদক, পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ।