নির্ধারিত সীমানা পেরিয়ে অবৈধভাবে রাস্তা দখল করে পশুর হাট বসালেই সংশ্লিষ্ট ইজারাদারদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অপরাধ প্রমাণ হলে জরিমানা তো বটেই, ইজারাদারদের চিরতরে ‘কালো তালিকাভুক্ত’ করারও ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মে) রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাটের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কড়া বার্তা দেন ডিএসসিসি প্রশাসক।
আবদুস সালাম বলেন, কোরবানির পশুর অস্থায়ী হাট নির্ধারিত স্থানের বাইরে সম্প্রসারণ কিংবা অবৈধভাবে রাস্তা দখল করে পরিচালনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের জরিমানা আরোপসহ কালোতালিকাভুক্ত করা হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত সীমানা পেরিয়ে মূল সড়ক দখল করে বসে পশুর হাট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
প্রতিবারের এই চেনা ভোগান্তি ঠেকাতে এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
পরিদর্শনের পাশাপাশি ডিএসসিসির প্রশাসক সেখানে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ঈদের পর দ্রুততম সময়ে নগরীকে পরিচ্ছন্ন করতে তিনি মাঠে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাজের গতি বাড়ানোর এবং দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ শেষ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নগরবাসীর ভোগান্তি লাঘবে সিটি করপোরেশনের এই কঠোর অবস্থান পুরো ঈদ মৌসুম জুড়েই বজায় থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আইও