উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন 
প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ১০:৩৮ রাত
নিউজ ডেস্ক

উবায়দুল্লাহ সাআদ

ময়মনসিংহ শম্ভুগঞ্জের উম্মুল কুরা মহিলা মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীবৃন্দ মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ন্যায়বিচার নিশ্চিত করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

সোমবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে শম্ভুগঞ্জ মোড়ে শান্তিপূর্ণ মানববন্ধন করে এই দাবি জানান তারা।

মাওলানা ইয়াসীন আরাফাত আনন্দপুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নয়াপাড়া নূর জামে মসজিদের ইমাম মুফতি শহীদুল্লাহ; মিলার্স অটো জামে মসজিদের ইমাম মুফতি এনামুল হাসান; জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসার পরিচালক মুফতি নুরুল আলম সিদ্দিকী; মদীনাতুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ সানাউল্লাহ; নূরে হেরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ; উমর ইবনে খাত্তাব (রা.) মহিলা মাদরাসার পরিচালক মাও. মোবারক; জুটমিল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাস্টার মোস্তফা কামাল; উম্মুল কুরা মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাও. মাসউদুল হক শিবলী; মাওলানা তাসনীমসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বক্তারা বলেন, গত ২ জুলাই আনুমানিক বিকেল ৫টার দিকে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে উম্মুল কুরা মহিলা মাদরাসায় প্রবেশ করে মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলামের ওপর হামলার চেষ্টা চালায়। ওই ঘটনার পরদিন (৩ জুলাই) দুপুর প্রায় ১২টার দিকে তাঁকে কেন্দ্র করে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

বক্তারা বলেন, আমাদের দৃষ্টিতে, ঘটনার পরিপূর্ণ ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হওয়ার আগেই পরিচালকের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে তাঁর ব্যক্তি-সম্মান, মাদরাসার দীর্ঘদিনের সুনাম এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যও ছড়িয়ে পড়ে, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

বক্তারা মাওলানা সাইফুল ইসলামের সততা, আমানতদারিতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে উম্মুল কুরা মহিলা মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে অসংখ্য শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করেছে এবং প্রতিষ্ঠানটি এলাকায় একটি সুনাম অর্জন করেছে।

তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা তদন্তকে প্রভাবিত করতে চাই না। তবে আমরা বিশ্বাস করি, প্রত্যেক নাগরিকের মতো একজন আলেম ও শিক্ষা-প্রতিষ্ঠানের পরিচালকেরও ন্যায্য বিচার, মর্যাদা এবং আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

বক্তারা তাদের বক্তব্যে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাওলানা সাইফুল ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করে বলেছেন, প্রশাসনের অবহেলা কারণে মুক্তি বিলম্বিত হলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিম্নোক্ত দাবিসমূহ জানানো হয়-

১. ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।

২. তদন্তে অভিযোগের যথাযথ ভিত্তি না পাওয়া গেলে মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাঁকে দ্রুত মুক্তি দিতে হবে।

৩. জুলাইয়ের ২ তারিখে মাদরাসায় সংঘটিত হামলা, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. উম্মুল কুরা মহিলা মাদরাসার নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইও/