সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান

জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আলেমদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের পরিবর্তে লিখিত ইতিহাস, প্রামাণ্য দলিল ও নথি সংরক্ষণ এবং জাতীয় পাঠ্যপুস্তকে আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

জুলাই জাদুঘরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের অবয়বে ভাস্কর্য স্থাপনের প্রতিবাদ জানিয়ে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দুই প্রস্তাব দেন।

সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা ভাস্কর্যগুলো অবিলম্বে অপসারণেরও দাবি জানান।

হেফাজতের নেতৃদ্বয় বলেন, ইসলামের দৃষ্টিতে মানুষের ভাস্কর্য নির্মাণ বৈধ নয়। তাই আলেম ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রেও শরিয়তসম্মত পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।

ভাস্কর্যের পরিবর্তে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস সংরক্ষণে জাদুঘরে লিখিত ইতিহাস, প্রামাণ্য দলিলপত্র ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে হেফাজত।

সংগঠনটির নেতারা মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আন্দোলনের ইতিহাস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে এতে ধর্মীয় মূল্যবোধের সঙ্গেও সাংঘর্ষিক কোনো পরিস্থিতি তৈরি হবে না।

হেফাজতের দ্বিতীয় প্রস্তাব হলো, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২১ সালের মোদি-বিরোধী আন্দোলনসহ ইসলামের জন্য আলেম ও তৌহিদি জনতার ত্যাগের ইতিহাস এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।

বিবৃতিতে সংগঠনটি দাবি করে, আলেম ও তৌহিদি জনতার বিভিন্ন আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

হেফাজতের আমির ও মহাসচিব বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আন্দোলনকারীদের আত্মত্যাগ জাতি অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তবে স্মৃতি সংরক্ষণের পদ্ধতি দেশের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।

তারা আরও বলেন, অতীতে ভাস্কর্য ও মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক আলেম জীবন দিয়েছেন ও কারাবরণ করেছেন। তাদেরই অবয়বে ভাস্কর্য নির্মাণকে তারা ‘মর্মান্তিক ও নজিরবিহীন বৈপরীত্য’ হিসেবে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জুলাই জাদুঘরে স্থাপিত ভাস্কর্যগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়ে হেফাজতের নেতৃদ্বয় বলেন, ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করতে হবে; তবে তা ইসলামি মূল্যবোধ ও শরিয়তের বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতিতে হওয়া উচিত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ