|| মুহিউদ্দীন মাআয ||
প্রতি বছর শীতের মওসুমে ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীতে আয়োজিত হয় তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লির আগমনে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর ইজতেমা ময়দান। তবে এবছর জাতীয় নির্বাচনসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে টঙ্গীতে ২০২৬ সালের ইজতেমার আয়োজন করা সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকে নির্বাচন পরবর্তী কোনো এক সময় ইজতেমা করার কথা বলা হয়েছিল।
তবে নির্বাচনের প্রায় এক মাস অতিবাহিত হলেও তাবলিগের মুরব্বিদের পক্ষ থেকে এ বিষয় তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পবিত্র রমজানের পর বিশ্ব ইজতেমা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে শুরা কমিটি পরিচালিত তাবলিগের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ আওয়ার ইসলামকে বলেন, ইজতেমা সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে হয়ে থাকে। তবে এবার জাতীয় নির্বাচনসহ বিভিন্ন জটিল পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার ইজতেমা করার অনুমতি দেয়নি। নির্বাচনের পর ইজতেমা হওয়ার কথা ছিল। কিন্তু রমজান-ঈদ সেই সঙ্গে আবহাওয়ার পরিবর্তনসহ সব মিলিয়ে এখন আর ইজতেমা করার কথা ভাবছেন না মুরব্বিরা।
কবে নাগাদ ইজতেমা হতে পারে এমন প্রশ্নে মাওলানা শাহরিয়ার মাহমুদ জানান, এখন পর্যন্ত মুরব্বিদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা চলমান। এছাড়া সরকারের সঙ্গেও বিস্তারিত আলোচনা হবে। যথাসম্ভব, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রমজান-ঈদ-হজ এসবের ব্যস্ততা শেষ করে ডিসেম্বরের দিকে ইজতেমা করার পরিকল্পনা করা হচ্ছে। আশা করি, চূড়ান্ত সিদ্ধান্ত সপ্তাখানেকের ভেতর জানানো হবে।
সাদপন্থীদের ইজতেমা হবে কি না এ প্রসঙ্গে তিনি বলেন, তারা যেহেতু ২০২৫ সালে টঙ্গীতে সর্বশেষ ইজতেমা করেছে, আইন আনুযায়ী টঙ্গীতে তারা আর ইজতেমা করতে পারবে না। অন্য কোথাও করবে কি না সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।
এমএম/
এমএম/