আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন নদ-নদীতে পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে এগোচ্ছে। এ অবস্থায় বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত হয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এসময় মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে অনির্ধারিত আলোচনায় বন্যা নিয়ে আলোচনা হয়েছে। বন্যায় পানির উচ্চতা বিশেষ করে যমুনা ও পদ্মা অববাহিকায় বেড়ে যাচ্ছে। সেজন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী এ সময় কৃষিমন্ত্রীকে আমন চাষে কোনো অসুবিধা হলে ট্রান্সপ্লান্ট আমনের (টি-আমন) জালা প্রস্তুত রাখতে বলেছেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রস্তুতি আছে। আশা করছি, বন্যার কারণে এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
সচিব আরও বলেন, কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছেন যেসব এলাকায় পানি বেড়ে যায়, বিশেষ করে গোয়ালন্দের পরে যমুনা ও পদ্মা যেখানে মিলিত হয়েছে, এসব এলাকার জন্য প্রস্তুত থাকতে। কোনো এলাকায় যদি ভাদ্র মাসে পানি আসে আর বঙ্গোপসাগরে যদি জোয়ার থাকে তাহলে পানি নামতে দেরি হয়। সেক্ষেত্রে আমন চাষে কোনো অসুবিধা হলে, টি-আমন জালা প্রস্তুত রাখার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন।
সচিব বলেন, কৃষিমন্ত্রী বলেছেন, ৬০ লাখ একর জমিতে আমন চাষের কথা ছিল। ইতোমধ্যে ৫৭ লাখ একর জমিতে চাষ হয়ে গেছে। তারা লক্ষ্যমাত্রার কাছাকাছি আছেন। সুতরাং তাদের প্রস্তুতি আছে।
এদিকে, শনিবার (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হবে এবং তারপর থেকে উন্নতি হতে শুরু করবে। এছাড়াও মধ্যাঞ্চলে আরও ৪৮ ঘণ্টা বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে; তারপর থেকে উন্নত হবে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা