আওয়ার ইসলাম: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতালের পর আগামী ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ রোববার পুরানা পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু।
তিনি বলেন, ‘গ্যাসের বর্ধিত মূল্য অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামী ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। তাতেও কাজ না হলে ১৯ জুলাই ঢাকায় প্রতিনিধি সভা ডেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।’
আজ সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকিটিং করেন জোটের নেতাকর্মীরা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বামপন্থী রাজনৈতিক দলগুলোর বাম গণতান্ত্রিক জোটের এ হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি, গণফোরাম ও জাতীয় সমাজতান্ত্রিক দল। আর একাত্মতা প্রকাশ করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি।
-এটি