আওয়ার ইসলাম: বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তার পরিণতি ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময়, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও তাদের মুক্তির দাবি জানান তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সরকারের জনগণের ম্যান্ডেট নাই, তারা কি করবে না করবে আমরা জানি না। তবে এ যে সংগ্রাম, তা এই পর্যায়ে থাকবে না; এর স্ফুলিঙ্গ দাবানল আকারে ছড়িয়ে পড়বে একদিন। সরকারের যদি বোধদয় না হয়, উপলব্ধি না হয়, তাহলে তাদের পরিণতি খুব ভালো হবে না।
গ্যাসের বর্ধিতমূল্য মেনে নিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বান প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আপনারা মধ্যরাতের নির্বাচন করবেন, সেটা মেনে নিতে হবে। আপনারা একতরফা নির্বাচন করবেন, সেটা মেনে নিতে হবে। আপনারা ইভিএম দিয়ে জোচ্চুরি নির্বাচন করবেন, সেটা মেনে নিতে হবে। আপনারা গ্যাসের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন; সেটাও মেনে নিতে হবে। আপনারা কারা?
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালে সমর্থনের কথা উল্লেখ করে রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনস্বার্থে তারা এ হরতাল করেছে, এতে বিএনপি সমর্থন দিয়েছে। এর আগেও বলেছি, জনস্বার্থে যারাই কর্মসূচি দেবে, বিএনপি তাদেরকে সমর্থন জানাবে।
-এটি