নিজস্ব প্রতিবেদক
মাদরাসা শিক্ষার্থীদের বাচনভঙ্গি, বক্তৃতা ও উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্যে সাত দিনব্যাপী ‘প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা’ শীর্ষক আবাসিক প্রশিক্ষণ কোর্সের চতুর্থ ব্যাচ শুরু হচ্ছে। রাজধানীর জামিয়া বাবুস সালামে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলামের উদ্যোগে এ কোর্সের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রথম সাময়িক পরীক্ষার ছুটিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং জনসমক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের সক্ষমতা গড়ে তুলতেই এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সাত দিনব্যাপী এ আবাসিক কোর্সে অংশগ্রহণকারীদের প্রমিত উচ্চারণের জটিলতা দূরীকরণ, মুখের জড়তা কাটিয়ে ওঠা, আঞ্চলিক উচ্চারণ পরিহার, স্বর-সাধনা, বডি ল্যাঙ্গুয়েজ, মঞ্চ ও মিডিয়ায় উপস্থাপনার কৌশল, ওয়াজ ও বক্তৃতার কলাকৌশল এবং জনসমক্ষে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপনের বিভিন্ন দিক হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সটি পরিচালনা করবেন অভিজ্ঞ প্রশিক্ষক ও আলোচকরা। প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন মুহাদ্দিস ও লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন, অত্রি-এর পরিচালক বিএম হারিস এবং কলরবের পরিচালক, আবৃত্তিশিল্পী ও উপস্থাপক ইলিয়াস হাসান।
আগামী ২৪ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত রাজধানীর জামিয়া বাবুস সালাম ক্যাম্পাসে এই আবাসিক কোর্স অনুষ্ঠিত হবে।
কোর্সে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ০১৯০২-৮৯১৯৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় রয়েছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন।
আইও/